আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনা। পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জেরে সৌদি আরবে ব্যাহত বিমান পরিষেবা। এর ফলে সেখানে আটকে পড়েছেন বহু ভারতীয় তীর্থযাত্রী। শনিবার তাঁদের জন্য নতুন নির্দেশিকা জারি করে দ্রুত দেশে ফেরানোর আশ্বাস দিল ভারত সরকার।
বিমান বাতিল হওয়ায় অনেক যাত্রী টিকিটের টাকা ফেরত পাচ্ছেন না। কনস্যুলেট এ বিষয়ে ভারতীয় বিমান সংস্থাগুলির সঙ্গে কথা বলছে। পাশাপাশি, যে সব সংস্থার বিমান এখনও চলাচল করছে, তাদের সঙ্গে তীর্থযাত্রীদের ট্যুর অপারেটরদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে, যাতে বিকল্প যাত্রার ব্যবস্থা করা যায়। পুরোটাই নির্ভর করবে বিমানে আসন খালি থাকা ও সংশ্লিষ্ট সংস্থার নিয়মের ওপর।
জেড্ডায় ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, জেড্ডা ও মক্কায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলে আটকে পড়া তীর্থযাত্রীদের খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সাহায্য দেওয়া হচ্ছে। ভিসার মেয়াদ বৃদ্ধি এবং বিকল্প বিমানের ব্যবস্থার জন্য সৌদির সংশ্লিষ্ট মন্ত্রক ও বিমান সংস্থাগুলির সঙ্গেও নিরন্তর আলোচনা চলছে।
আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে সৌদি হজ মন্ত্রকের পিলগ্রিম কেয়ার সেন্টারে (১৯৬৬) যোগাযোগ করে অভিযোগ জানাতে বলা হয়েছে। একই সঙ্গে নিজ নিজ ট্রাভেল এজেন্টের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে ভারতীয় কনস্যুলেট।
কনস্যুলেটের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, "আটকে পড়া সব ভারতীয়কে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে প্রশাসন ও বিমান সংস্থাগুলির সঙ্গে সব রকম চেষ্টা চালানো হচ্ছে।"
