খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু এসব খাদ্যশস্য বিতরণ করেন।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদসহ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দ থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের ত্রাণ তহবিলের মাধ্যমে প্রতিটি বৌদ্ধ মন্দিরে ৬০০ কেজি করে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। ৪২টি বৌদ্ধ মন্দিরের জন্য মোট ২৪ দশমিক ৬ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। সম্প্রীতির উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের প্রতিটি কাজেই স্বচ্ছতা রয়েছে। প্রবারণা পূর্ণিমা সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা চাল ৪১টি বৌদ্ধ মন্দিরে উপহার হিসেবে বিতরণ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।
এমএ
