প্রকাশিত: ২২:১৬, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ২২:৩৬, ১৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শুক্রবার রাজধানীর মধ্য বাড্ডায় রীপা গোমেজের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল
২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মধ্য বাড্ডায় রীপা গোমেজের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মধ্য বাড্ডার বাজার গলিতে রীপা গোমেজের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীপা গোমেজকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই জুলাই যোদ্ধার খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় প্রতিনিধিদলটি তার বাসায় যায়।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আন্দোলন চলাকালে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। তার ডান চোখের কোটরে গুরুতর আঘাত লাগে। একটি বুলেট মস্তিষ্কের প্রায় ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।
গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দৃষ্টিশক্তির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। নিয়মিত চিকিৎসার ব্যয় বহনের পাশাপাশি শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগও কমে গেছে তার। এমন পরিস্থিতিতে নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।
