রংপুরে ডিবি পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ মমতাজ নামের এক মাদক ব্যবসায়ী ও বিএনপি নেতা পালিয়ে গেছেন। শনিবার রাত ৮টার দিকে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালপুর ইউনিয়নের চিহ্নিত মাদক সম্রাট ও বিএনপি নেতা মমতাজ দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। এমনকি বদরগঞ্জ থানা পুলিশও তাকে গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তবে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে ধরার জন্য এর আগে একাধিকবার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। গত শনিবার রাত ৮টার দিকে রংপুর ডিবি পুলিশের একটি সাদা পোশাকধারী দল শিবপুর এলাকা থেকে মমতাজকে মাদকসহ আটক করে হাতকড়া পরায়। পরবর্তীকালে পুলিশ তাকে নিয়ে গাড়িতে ওঠার সময় সে কৌশলে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ফরহাদ ও গোলাম মোস্তফা মুঠোফোনে আমার দেশকে জানান, মমতাজ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সে প্রকাশ্যে রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে সে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হয়। রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার কাছ থেকে মাদক কিনে উঠতি বয়সের যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। বিষয়টি স্থানীয়রা বদরগঞ্জ থানাকে একাধিকবার জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
তারা আরও জানান, শনিবার রাতে ডিবি পুলিশ মমতাজকে আটকের খবর শুনে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছিল। কিন্তু মুহূর্তেই খবর আসে যে সে পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে। রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়েও পুলিশ মাদকসম্রাট মমতাজ বা হাতকড়াটি উদ্ধার করতে পারেনি। এলাকাবাসী অবিলম্বে দল-মতনির্বিশেষে ওই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে রংপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নবীউল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ আমার দেশকে বলেন, ‘ঘটনাটি সত্য। জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি হাতকড়া উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গোয়েন্দা দল মাঠে কাজ করছে, তবে রাতের অন্ধকারের কারণে তাকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে।’
এমএইচ
