বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের কার্ডের ব্যবহার বাড়ছে। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বিদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট বিদেশি ক্রেডিট কার্ড ব্যয়ের ১৭ দশমিক ১৬ শতাংশ হয়েছে।
এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। এসব দেশে ব্যয়ের হার যথাক্রমে ১০ দশমিক ৮৬, ৯ দশমিক ৭৫, ৯ দশমিক ১২ ও ৭ দশমিক ৯৮ শতাংশ।
বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয়ের পাশাপাশি দেশে সামগ্রিক কার্ডভিত্তিক লেনদেনও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ১০৩ শতাংশ।
২০২১ সালের সেপ্টেম্বরে এ লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়।
একই সময়ে দেশে ব্যাংক কার্ডের সংখ্যাও প্রায় ৯৬ শতাংশ বেড়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে।
এর মধ্যে ডেবিট কার্ড চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি, ক্রেডিট কার্ড ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯টি এবং প্রিপেইড কার্ড ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি।
সামগ্রিক কার্ড লেনদেন বাড়লেও গত আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে ব্যয় কিছুটা কমেছে। ওই মাসে এ ধরনের লেনদেন হয়েছে চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। আগের মাস জুলাইয়ে তা ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা। এক মাসে কমেছে ৫.৪৪ শতাংশ।
আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, এক হাজার ৯৬৯ কোটি টাকা। এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা।
অন্যদিকে বিদেশি কার্ড ব্যবহার করে বাংলাদেশে গত আগস্টে ২৪৯ কোটি টাকা ব্যয় করেছেন বিদেশিরা। আগের মাসের তুলনায় এ ব্যয় বেড়েছে ৬.২৭ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪.৬৬ শতাংশ।
ওয়াইএফ/০৩
