Published on
:
2 min read
পুজো কয়েক দিনে এয়ার ফ্রায়ারই ছিল ভরসা। মাছ-মাংস দিয়ে তৈরি স্ন্যাকস এয়ার ফ্রায়ারেই বানিয়েছেন। এতে সময় বেঁচেছে এবং খাবারও সুস্বাদু হয়েছে। পরে এয়ার ফ্রায়ার পরিষ্কারও করেছেন। কিন্তু তারপরেও দুর্গন্ধ যাচ্ছে না। বাস্কেট ও ট্রে-তে আঁশটে গন্ধ থেকেই গিয়েছে। আসলে রান্নার সময়ে তেল, খাবারের কণা হিটিং এলিমেন্ট, ফ্যানের আশপাশে এবং যন্ত্রের ভিতরের কোণে জমে যায়। আর সেখান থেকেই এয়ার ফ্রায়ারের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়।
বাস্কেট ও ট্রে ভালো করে পরিষ্কার করুন
প্রথমে এয়ার ফ্রায়ারের সুইচ বন্ধ করে প্লাগ খুলে দিন। যন্ত্রটি সম্পূর্ণ ঠান্ডা হলে বাস্কেট, ট্রে ও অন্যান্য খুলে নেওয়া যায় এমন অংশ গরম জলে ভিজিয়ে রাখুন। তাতে বাসন মাজার তরল সাবানও মিশিয়ে দিতে পারেন। তারপরে নরম স্পঞ্জ দিয়ে মেজে ধুয়ে নিন। স্টিলের জালি বা শক্ত স্ক্রাবার ব্যবহার করবেন না। এতে নন-স্টিকের প্রলেপ নষ্ট হয়ে যেতে পারে। ধোয়ার পরে প্রতিটি অংশ ভাল করে শুকিয়ে নিন।
হিটিং এলিমেন্ট পরিষ্কার করুন
অনেক সময়ে হিটিং এলিমেন্টের গায়ে তেল ও খাবারের কণা জমে দুর্গন্ধ তৈরি করে। প্লাগ খুলে যন্ত্রটি উল্টে দিন। তারপরে নরম ভিজে কাপড় বা নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। খেয়াল রাখবেন, যন্ত্রের ভিতরে যেন জল না ঢোকে। এয়ার ফ্রায়ার পুনরায় ব্যবহারের আগে সম্পূর্ণ শুকিয়ে নিন।
লেবু বা ভিনিগার ব্যবহার করুন
এক বাটি জলে কয়েক টুকরো লেবু ও লেবুর রস মিশিয়ে নিন। ওই বাটি এয়ার ফ্রায়ারের মধ্যে রেখে ১৫০-১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫-১০ মিনিট যন্ত্রটি চালিয়ে নিন। এরপরে নরম কাপড় দিয়ে যন্ত্রটি মুছে নিন। এ ছাড়া ভিনিগারে ভেজানো কাপড় দিয়েও এয়ার ফ্রায়ারের বাস্কেট মুছে নিন।
কাজে লাগান বেকিং সোডা
সামান্য জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। বাস্কেট ও ট্রেতে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপরে ভিজে কাপড় দিয়ে মুছে ফেলুন। হিটিং এলিমেন্টে এই পেস্ট লাগাবেন না।
FAQ
১. এয়ার ফ্রায়ারে দুর্গন্ধ হয় কেন?
উত্তর: তেল ও খাবারের কণা বাস্কেট, হিটিং এলিমেন্ট, ফ্যানের আশপাশে এবং ভিতরের কোণে জমে দুর্গন্ধ তৈরি করতে পারে।
২. এয়ার ফ্রায়ারের বাস্কেট কী দিয়ে পরিষ্কার করবেন?
উত্তর: গরম জল, বাসন মাজার তরল সাবান ও নরম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করুন।
৩. এয়ার ফ্রায়ারের হিটিং এলিমেন্ট কী ভাবে পরিষ্কার করবেন?
উত্তর: প্লাগ খুলে যন্ত্রটি ঠান্ডা করুন। তারপরে নরম ভিজে কাপড় বা ব্রাশ দিয়ে আলতো করে মুছুন।
৪. এয়ার ফ্রায়ারের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করা যায়?
উত্তর: বাস্কেট ও ট্রেতে বেকিং সোডা ও জলের পেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে পরিষ্কার করতে পারেন। হিটিং এলিমেন্টে এটি লাগাবেন না।
৫. এয়ার ফ্রায়ার পরিষ্কারের সময়ে কী কী বিষয়ে সতর্ক থাকবেন?
উত্তর: প্লাগ খুলে পরিষ্কার করুন, শক্ত স্ক্রাবার এড়িয়ে চলুন এবং যন্ত্রের ভিতরে জল ঢুকতে দেবেন না। ব্যবহারের আগে সব অংশ শুকিয়ে নিন।
