প্রজ্ঞাপনে বলা হয়, সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ অনুযায়ী মো. শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে সুপারিশ ও সম্মতি প্রদান করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত জনতা ও রূপালী ব্যাংকের পর এবার সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শওকত আলী খানকেও অপসারণ করা হয়েছে। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ অনুযায়ী মো. শওকত আলী খানের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে সুপারিশ ও সম্মতি প্রদান করা হয়েছে।
শওকত আলী খানের নিয়োগ বাতিলের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও বিধিগত কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
২০২৪ সালের ৩০ অক্টোবার সরকারি সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল শওকত আলীকে। তিন বছর মেয়াদে নিয়োগ দেয়া হলেও মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তার নিয়োগ বাতিল করা হয়েছে।
এর আগে জনতা ও রূপালী ব্যাংক পিএলসির এমডিদেরও নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয় আর্থিক বিভাগ থেকে।
