১৫ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ১৫ মিনিট আগে
অসাধারণ একাডেমিক ফলাফলের জন্য প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেতে যাচ্ছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের মোট ৪৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে সর্বোচ্চ ৩২ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবং দ্বিতীয় সর্বোচ্চ ২৮ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের।
নীতিমালা অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীরা প্রত্যেকে ২২ ক্যারেট মানের সাড়ে ৪ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে নির্মিত একটি পদক ও একটি সম্মাননাপত্র পাবেন।
সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
তালিকা বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালে ১৭৮ জন, ২০২০ সালের ১৪১ জন এবং ২০২১ সালের ১৫০ জন শিক্ষার্থী এই পুরস্কার পাচ্ছেন।
তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জায়গা করে নিয়েছেন। ২০১৯ সালের তালিকায় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন করে শিক্ষার্থী রয়েছেন। ২০২০ সালের তালিকাতেও এই দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষার্থী রয়েছেন। ২০২১ সালের তালিকায় এই দুটি বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির একজন করে মোট ৫ জন শিক্ষার্থী রয়েছেন।
সর্বোচ্চ ৩২ জন ঢাবির
ঢাবির ২০১৯ শিক্ষাবর্ষ থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন—মুহি উদ্দিন (আরবি), মো. মুদাসসির হোসেন আকিব (পরিসংখ্যান), আবদুর রহমান মজুমদার (আইন), মো. আকিদুর রহমান (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), শেখ আতিয়া ইসলাম (অর্থনীতি), ফারিয়া তাসনিম (ফার্মেসি), স্বপ্নিল সায়ন সাহা (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং), জারিন তাসনিম (সমুদ্রবিজ্ঞান), শায়ান শাহরিয়ার (জেনেটিক ইঞ্জিনিয়ারিং), ইশিতা সারমিন সায়মা (শিল্পকলার ইতিহাস) ও দেবলীনা সরকার মেধা (চিকিৎসাবিজ্ঞান)।
২০২০ শিক্ষাবর্ষ থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন—আবদুল্লাহ মাহমুদ নাজিব (আরবি), তাহসিন লুবাবা (আইন), মো. আসিফুল ইসলাম (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস), মারুফ হাসান রুমি (লোকপ্রশাসন), নাজিফা তাবাসসুম (ফার্মেসি), মো. তানভীর আলম (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), মোসা. তানিয়া আলিম শম্পা (সমুদ্রবিজ্ঞান), শেখ সুনজিদ আহমেদ (উদ্ভিদবিজ্ঞান), ইমরান হাসাম (গ্রাফিক ডিজাইন) ও মাইশা মালিহা (চিকিৎসাবিজ্ঞান)।
২০২১ শিক্ষাবর্ষে মনোনীত শিক্ষার্থীরা হলেন—জবা রানী বিশ্বাস (নৃত্য), সাদিয়া আনজুম জুমানা (ফলিত গণিত), রুবাইয়াত হাসান সাওন (আইন), বিল্লাল হোসেন (ফিন্যান্স), নওশীন শারমিলা ঋতু (অপরাধবিজ্ঞান), রাশমিয়া নার্গিস রাইদা (ফার্মেসি), ফারশিদ রেজা (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং), মো. মিনহাজুল ইসলাম (ভূগোল ও পরিবেশ), সময়িতা সরকার তুলি (জেনেটিক ইঞ্জিনিয়ারিং), জাহিদুল ইসলাম (শিল্পকলার ইতিহাস) এবং কাজী মো. শায়মুল রেজা (চিকিৎসাবিজ্ঞান)।
