আজকাল ওয়েবডেস্ক: মঞ্চ নাটকে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিষয়টি আগেই জানাজানি হয়েছিল। নাটকের নাম, 'কেশরী হত্যা?'। ‘রঙ্গ অপেরা’ দলের নাটকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্র অভিনয় করতে দেখা যাবে সুকান্ত মজুমদারকে। শুক্রবার থেকে দমদম রবীন্দ্র ভবনে শুরু হল 'কেশরী হত্যা?' নাটকের রিহার্সাল।
‘রঙ্গ অপেরা’ দলের নাটক 'কেশরী হত্যা?'য় অন্যতম চরিত্র ড.শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই চরিত্রে অভিনয় করবেন এই নাটকের পরিচালক অধিকারী কৌশিক স্বয়ং। 'ভারত কেশরী' শ্যামাপ্রসাদের জীবন ও কাজের নির্দিষ্ট অংশই এই নাটকের বিষয়বস্তু।
কেন অভিনয়ের জন্য বেছে নেওয়া হল সুকান্ত মজুমদারকে? জবাবে অধিকারী কৌশিক বলেন, "বাঙালি শিক্ষিত, সংস্কৃতিবান মানুষকে পছন্দ করেন। সুকান্ত বাবু তেমনই একজন মানুষ। ওনার নাটকের প্রতি উৎসাহ রয়েছে। ফলে আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম এই নাটকে অভিনয়ের জন্য। উনি রাজি হয়েছেন।"
প্রথম দিনের রিহার্সালে প্রতিভার কতটা সাক্ষর রাখতে পেরেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী? পরিচালকের কথায়, "অসাধারণ। আমরা যাঁরা পেশাদার অভিনেতা, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে সুকান্ত মজুমদার অভিনয় করছেন। দর্শক দক্ষ অভিনেতা সুকান্ত বাবুকে দেখতে পাবেন।"
অধিকারী কৌশিক জানিয়েছেন, 'কেশরী হত্যা? নাটকে অটল বিহারী বাজপেয়ীর মাধ্যমেই শ্যামাপ্রসাদের নানা কর্মকাণ্ড (বাংলা ভাগ থেকে কাশ্মীর যাত্রা) কথা তুলে ধরা হবে। অটলের ভূমিকায় সুকান্ত মজুমদার। ফলে মুখ্য চরিত্রে থাকায় নাটকের বেশিরভাগ সময়েই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে মঞ্চে দেখা যাবে।
'ভারতীয় জনসংঘ' তৈরির আগে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন জওহরলাল নেহরুর মন্ত্রিসভার শিল্পমন্ত্রী। পরে তিনি ইস্তফা দেন। এরকপর তৈরি করেন 'ভারতীয় জনসংঘ'। এই দলে শ্যামাপ্রসাদের সহযোদ্ধা ছিলেন অটলবিহারী বাজপেয়ী। ১৯৫৩ সালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু-কাশ্মীরে ঢোকার চেষ্টা করেন। সেই সময়ে তরুণ অটল বিহারী বাজপেয়ী ছিলেন তাঁর সঙ্গে। বিচক্ষণ শ্যামাপ্রসাদ জানতেন, জম্মু-কাশ্মীরে ঢুকলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। তাই তরুণ সহযোদ্ধা অটল বিহারীকে কাশ্মীর পর্যন্ত যেতে না দিয়ে পঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের সীমানা থেকেই ফেরৎ পাঠিয়ে দেন। পরে কাশ্মীরে বন্দিদশায় শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর হয়। যা নিয়ে বিতর্ক রয়েছে। স্বাধীনতার আগে ও পরে ভারতে শ্যামাপ্রসাদের নানা কর্মকাণ্ড নিয়েই ‘কেশরী হত্যা?’ নাটক ফুটিয়ে তোলা হবে বলে জানা গিয়েছে।
