সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক নারী ও তাঁর ১৫ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী। চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতরা হলেন অসীমা চৌধুরী ও তাঁর ছেলে অরিত্র বিশ্বাস। দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন অসীমার স্বামী স্বরূপ কান্তি বিশ্বাস।
বুধবার (১৪ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আবুধাবির আল ওয়াথবা সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। পরিবারটি একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।
এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাঁদের গাড়িকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় তাঁদের গাড়ি। ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও তাঁর ছেলে অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত স্বরূপ কান্তি বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
প্রবাসে একই পরিবারের মা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
