খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
মন্ত্রী আহতের সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন। এ ছাড়া ঘটনায় দায়ী অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ কর্মকর্তা এবং তার পরিবারকে আশ্বস্ত করেন।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন।
খুলনা জেলার এ-সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন। এ সময় তিন দুর্বৃত্ত পথরোধ করে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো চাপাতি দিয়ে দুই হাতের কবজির ওপর গুরুতর জখম করে।
পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে পুলিশের এই কর্মকর্তা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
