নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’এ জটায়ু চরিত্রে কণ্ঠ দেবেন বলিউড অভিনেতা অনুপম খের। মঙ্গলবার ১৩ অক্টোবর সিনেমাটির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন। বিশ্বব্যাপী আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
রোববার ‘রামায়ণ’ মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার পর মঙ্গলবার জটায়ু চরিত্রে অনুপম খেরের যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেন নির্মাতারা। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লেখেন, যখন অশুভ শক্তি ডানা মেলেছিল, তখন তার মোকাবিলায় সাহস জেগে উঠেছিল। তিনি জয়ের জন্য লড়েননি, লড়েছিলেন ন্যায়ের পক্ষে। জটায়ু, ধর্মের ডানা। ‘রামায়ণ’এ জটায়ু চরিত্রে অনুপম খের। আট দিন পর শুরু হচ্ছে আগাম টিকিট বুকিং।
এর আগে গত ৩০ জুলাই প্রকাশ করা হয়েছিল সিনেমাটির ট্রেলার। শুরুতেই রাবণকে চাদরে মুখ ঢাকা অবস্থায় দেখা যায়। প্রাচীন মহাকাব্যের কাহিনির সঙ্গে পরিচালক নিতেশ তিওয়ারির নিজস্ব ভাবনার মেলবন্ধনে রাবণকে জাঁকজমকপূর্ণ ও ভিন্নরূপে তুলে ধরা হয়েছে। ট্রেলারে ত্রিলোকের ওপর শাসন প্রতিষ্ঠার ঘোষণা দেন রাবণ, আর তার অত্যাচার থেকে মানবজাতিকে রক্ষা করতে জন্ম হয় রামের।
রামের পরিচয়ভিত্তিক টিজারে আগে সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে যশের আভাস পাওয়া গিয়েছিল। ট্রেলারে আরও দেখা গেছে কৈকেয়ী চরিত্রে লারা দত্ত, শূর্পণখা চরিত্রে রাকুল প্রীত সিং এবং তার স্বামী বিদ্যুজ্জিহ্বার ভূমিকায় বিবেক ওবেরয়কে। তবে এতে হনুমান চরিত্রের সানি দেওলকে দেখা যায়নি।
উন্নত সিজিআই ও ভিএফএক্সের ব্যবহারের মাধ্যমে নতুনভাবে পর্দা কাঁপাতে আসছে এই পরিচিত মহাকাব্য। পৌরাণিক চরিত্রগুলোতে দেখা যাবে নতুন প্রজন্মের তারকাদের। টেলিভিশনে রাম চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অরুণ গোভিলকে দেখা যাবে রাজা দশরথের ভূমিকায়।
৪ হাজার কোটি রুপির বাজেট
‘রামায়ণ’ নির্মিত হচ্ছে প্রায় ৪ হাজার কোটি রুপি বা ৫০ কোটি ডলার বাজেটে। প্রযোজক নমিত মালহোত্রা এক সাক্ষাৎকারে জানান, ছয়-সাত বছর আগে যখন এই পরিকল্পনার সূত্রপাত হয়, তখন এত বড় বাজেটের কোনো ভারতীয় সিনেমাকে অনেকেই অবাস্তব ভেবেছিলেন। তবে হলিউডের বড় বাজেটের সিনেমার তুলনায় তারা বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করছেন।
একসঙ্গে এ আর রহমান ও হ্যান্স জিমার
সিনেমাটির সংগীত পরিচালনায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন অস্কারজয়ী দুই সংগীতকার এ আর রহমান ও হ্যান্স জিমার। এক সাক্ষাৎকারে এ আর রহমান জানান, সারা বিশ্বের কাছে পরিচিত ও ঐতিহ্যবাহী একটি মহাকাব্যে নতুনত্ব আনা তাদের দুজনের জন্যই বেশ চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর।
সিনেমাটি দুটি পর্বে মুক্তি দেওয়া হবে। আগে প্রথম পর্বটি ২০২৬ সালের অক্টোবরে দীপাবলির আগে মুক্তির কথা থাকলেও ১৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী এটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাবে। দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে আসার কথা রয়েছে। এতে রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল, রবি দুবে ও যশ সহ একঝাঁক তারকা কাজ করছেন।
সূত্র: এনডিটিভি
