ছবি: সংগৃহীত
-->চাপ বাড়ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপর। একের পর এক ব্যর্থতায় প্রশ্ন উঠছে তার ভবিষ্যৎ নিয়ে। তবে এসব গুঞ্জন থামাতে ক্লাব কর্তাদের আশ্বাস নয়, মাঠে জয় চান তিনি। ক্যারিকের বিশ্বাস, জয়ের ধারায় ফিরলেই বদলে যাবে পরিস্থিতি।
মৌসুমটা মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত জয় মাত্র দুটি ম্যাচে। গত ৪০ বছরের মধ্যে শীর্ষ লিগে সবচেয়ে বাজে শুরুর অভিজ্ঞতাও হয়েছে দলটির। ফলে ওল্ড ট্রাফোর্ডে বাড়ছে অস্বস্তি।
গত মাসে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইউনাইটেড। ব্রাইটনের কাছে হেরে শেষ হয়েছে তাদের সেই যাত্রা। এরপর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠেও বড় ব্যবধানে হেরেছে দলটি। সব মিলিয়ে চাপে পড়েছেন কোচ মাইকেল ক্যারিক।
আরও পড়ুন
গত মৌসুমের দ্বিতীয় ভাগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে সাফল্য পেয়েছিলেন ক্যারিক। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই গত মে মাসে স্থায়ীভাবে দায়িত্ব পান তিনি। কিন্তু নতুন মৌসুমে দলকে ছন্দে ফেরাতে পারছেন না এই ইংলিশ কোচ।
বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালির কোমোর মাঠে খেলতে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন ক্যারিক। তিনি বলেন, ‘সবকিছু স্বাভাবিক ও ছন্দে ফিরিয়ে আনতে আমাদের ম্যাচ জিততেই হবে। সবচেয়ে ভালো দিক হলো, আমরা চাইলেই পরিস্থিতি বদলাতে পারি।’
আরও পড়ুন
ক্লাব কর্তাদের কাছ থেকে কোনো আশ্বাসও চান না ক্যারিক। নিজের দায়িত্ব সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। তার ভাষায়, ‘আমার কোনো আশ্বাসের প্রয়োজন নেই। বিষয়টি পানির মতো পরিষ্কার।’
তিনি আরও বলেন, ‘আমি আমার দায়িত্ব ও পদের গুরুত্ব জানি। পরিস্থিতি কেমন যাচ্ছে, কিংবা কোথায় উন্নতি প্রয়োজন, তা আমাকে অন্য কারও মনে করিয়ে দিতে হয় না। আমি নিজেই ভালো জানি।’
পাপ্পু/
