ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাতলপাড়ের ফকিরদিয়া এলাকায় মেঘনা নদীর তীরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন।
নিহত শিশু চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায় শিশুটি। এ সময় নদীর স্রোতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও বয়সে ছোট হওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারেনি।
পরে তারা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটির খোঁজ শুরু করেন। ফায়ার সার্ভিসের একটি দলও দিনভর উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ফকিরদিয়া এলাকায় নদীর তীরে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
