বিশ্ববাজারে তেল সরবরাহে প্রথম ট্যাংকার ছাড়ল রাশিয়া
হরমুজ প্রণালি স্বাভাবিক না হলে দাম বাড়ার শঙ্কা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে নতুন করে আলোচনায় রাশিয়া। বিশ্ববাজারে তেল সরবরাহের জন্য রাশিয়ার প্রথম তেলবাহী ট্যাংকার বন্দর ছেড়েছে বলে জানিয়েছে মস্কো। অন্যদিকে, গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক না হলে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলের ঘাটতি, বাড়তি দাম আর সরবরাহের অনিশ্চয়তা সব মিলিয়ে বিশ্বজ্বালানি বাজারে সামনে আরও বড় সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) রাজনৈতিক টক শো ‘সলোভিওভ লাইভ’এ দেওয়া বক্তব্যে নোভাক বলেন, তেল বিক্রির ক্ষেত্রে রাশিয়ার কোনো সমস্যা নেই। বরং রুশ তেলের ক্রেতা হতে আগ্রহী অনেক দেশ। আমি জানি, প্রথম ট্যাংকারটিতে এরইমধ্যে তেল বোঝাই করা হয়েছে এবং সেটি ডিকসন বন্দর ছেড়ে গেছে। রাশিয়ার ক্রাসনোইয়ারস্ক অঞ্চলে কারা সাগরের উপকূলে অবস্থিত আর্কটিক অঞ্চলের একটি বন্দর ডিকসন।
৯ (অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর ডিজেল সরবরাহসংক্রান্ত একটি চুক্তির কথা জানান। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সম্মত হয় মস্কো।
পুতিনের দাবি, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়ার ডিজেল সরবরাহ বিশ্ব অর্থনীতির জন্য উপকারী হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ চুক্তির সমালোচনা করে সতর্ক করেন, রুশ ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ শিথিল করা হলে তা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের অর্থায়নে সহায়তা করতে পারে।
নোভাক জানান, বর্তমানে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ৪০ লাখ থেকে ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি রয়েছে। এর ফলে তেলের দাম বেড়েছে। বাজার পরিস্থিতির সমাধান নিয়ে প্রত্যাশা থাকলেও তেলের দাম এখনো বেশি। হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে দাম আরও বাড়বে।
নোভাক আরও জানান, পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহের সুযোগ তৈরি হলে এক থেকে দেড় বছরের মধ্যে বাজারে ভারসাম্য ফিরে আসতে পারে। তার মতে, বিশ্ববাজার স্থিতিশীল রাখতে তেলের মজুত ব্যবহারের সুযোগও ক্রমেই সীমিত হয়ে আসছে।
এদিকে, ‘পাওয়ার অব সাইবেরিয়া’ পাইপলাইনের মাধ্যমে প্রতিবেশী চীনে ৩ হাজার ৯০০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহের প্রত্যাশা করছে রাশিয়া। সরবরাহ সক্ষমতা বাড়িয়ে ৪ হাজার ৪০০ কোটি ঘনমিটারে নেওয়ার বিষয়েও চুক্তি রয়েছে বলে জানান নোভাক।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
