বিশ্বজুড়ে রন্ধনশিল্পীদের (শেফ) অনন্য অবদান, সৃজনশীলতা এবং আগামী প্রজন্মের মাঝে স্বাস্থ্যকর খাবারের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব শেফ দিবস।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্বজুড়ে পেশাদার শেফদের সংগঠন ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফ সোসাইটিসের’ নেতৃত্বে জাতিসংঘের সদস্য দেশগুলোতে এই দিবসটি একযোগে উদযাপিত হচ্ছে।
চলতি বছর বিশ্ব শেফ দিবসের মূল প্রতিপাদ্য ও প্রচারণা নির্ধারণ করা হয়েছে ‘ফুড এক্সপ্লোরারস’। এর মূল উদ্দেশ্য হলো— শিশুদের বিভিন্ন খাবারের উপাদান, এগুলোর উৎস, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থার সঙ্গে পরিচিত করা এবং তাদের উৎসাহিত করা।
২০০৪ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ ড. বিল গ্যালাগার প্রথম এই দিবসটি উদযাপনের সূচনা করেন। প্রতিবছর ২০ অক্টোবর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো শেফ তাদের রন্ধনকলা উদযাপনের পাশাপাশি সমাজসেবামূলক নানা উদ্যোগে অংশ নেন। বিশেষ করে শিশুদের পুষ্টিকর খাবার গ্রহণ, অপ্রয়োজনীয় খাদ্য অপচয় রোধ এবং টেকসই রন্ধনশৈলী চর্চায় উৎসাহ প্রদান এই দিবসের অন্যতম প্রধান লক্ষ্য।
দিবসটি উপলক্ষে বিশ্বজুড়ে শীর্ষ তারকা হোটেল, রেস্তোরাঁ ও রন্ধন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মশালা, রান্নার প্রদর্শনী ও শিশু-কিশোরদের জন্য বিশেষ রন্ধন সেশনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশেও ‘শেফস ফেডারেশন অব বাংলাদেশ’ (সিএফবি)-সহ নানা প্রফেশনাল শেফ সংগঠন দিবসটি উদযাপনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
