স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানী ভাটারা এলাকায় যাত্রবাহী দুই বাসের রেষারেষিতে প্রাণ হারিয়েছেন এক পরিবহন শ্রমিক। নিহত শিশির মিয়া (২০) ভিক্টর পরিবহনের বাসের হেলপার। বুধবার বিকেলে ভাটারার নতুনবাজার যাত্রী ছাউনি সামনে রাইদা পরিবহনের চাপায় এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার এসব তথ্য জানা যায়।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলায়মান হক বলেন, খবর পেয়ে নতুনবাজার মোড়ের যাত্রী ছাউনীর সামনে থেকে এক যুবকের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি সন্ধ্যায় বাড্ডাগামী রাইদা পরিবহন ও ভিক্টর পরিবহনের দুই বাস রেষারেষি শুরু করে। একসময় রাইদা পরিবহনের বাস ভিক্টর পরিবহনের বাসকে একপাশ দিয়ে চাপ দিয়ে এগোতে যায়। এ সময় ভিক্টর পরিবহনের বাসের দরজায় থাকা হেলপার শিশির মিয়া দুই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।
নিহত শিশির মিয়া গাজীপুরের টঙ্গীর মো. নজরুল ইসলামের ছেলে। তার ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
