কানাডার পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গতকাল শনিবার বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সরকার।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশে ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ ঘাঁটিতে ‘একটি গুরুতর ঘটনায় বড় ধরনের আগুন ছড়িয়ে পড়েছে’।
এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানান কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি।
অটোয়ায় সাংবাদিকদের ডেভিড ম্যাকগিনটি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে এক ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন।’
এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিনটি।
তবে ঠিক কতজন হতাহত হয়েছেন বা কী ধরনের ঘটনা ঘটেছে, কী কারণে ঘটেছে, সেসব বিষয়ে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর কেউ কোনো তথ্য দেননি।
ম্যাকগিনটি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টায় এবং কয়েক দিনে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাব।’
ঘাঁটি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এডমন্টন শহরের একটি হাসপাতালের একজন চিকিৎসক কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসিকে বলেন, চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা এত বেশি যে ওয়েনরাইটের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ‘পুরোপুরি চাপের মুখে পড়েছে’।
চিকিৎসক ওয়ারেন থার্স্ক বলেন, ‘এ মুহূর্তে আমাদের যে কারও ধারণার চেয়ে অনেক বেশি রোগী এসেছে। ১৫ থেকে ২৫ বছরে এমন ঘটনা একবারই ঘটে।’
ওয়েনরাইটের স্থানীয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
গতকালই ‘আগুন নিয়ন্ত্রণে থাকার’ কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। তবে অগ্নিনির্বাপক বাহিনাীর কর্মীরা এলাকাটি এখনো পর্যবেক্ষণ করছেন।
মার্ক কার্নি বলেন, সরকার আলবার্টার প্রাদেশিক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি এক্সে বলেন, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সব নারী-পুরুষের প্রতি আমাদের সমবেদনা।’
আলবার্টার প্রাদেশিক নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা দপ্তর জানিয়েছে, ওয়েনরাইটের আগাম ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
২০২১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে সামরিক ও বেসামরিক মিলিয়ে ১ হাজার ৩১০ জন কর্মী ছিলেন। ঘাঁটির ঠিক উত্তরে ওয়েনরাইট শহরের অবস্থান। শহরটির জনসংখ্যা প্রায় ৬ হাজার ৬০০।
