সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন সংস্থাটির কর্মকর্তারা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের সার্বজনীন কালীবাড়ী কেন্দ্রীয় মন্দিরসহ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-১৩ রংপুরের উপঅধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলার মোট ৫৬৬টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩ এর পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সংখ্যক এসআরবি সদস্য মাঠে মোতায়েন রয়েছেন। এ ছাড়া এসআরবি-১৩, রংপুরের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করা হচ্ছে।
গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেজর সাইফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের উসকানিমূলক বা যাচাইবিহীন তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান তিনি।
পরিদর্শন ও প্রেস ব্রিফিংকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে প্রতিনিধি দলটি জেলার অন্যান্য উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে রওনা হন।
জেএইচআর
