গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরিস্থিতি মোকাবিলায় পরে ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ১৯টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজে যোগ দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।
