গাজীপুরের টঙ্গীর পৃথক স্থানে খালের পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় দুই সহোদর ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, পটুয়াখালী জেলার দশমিনা থানার গছানি গ্রামের রাব্বি শেখের দুই সন্তান সুমাইয়া (৮) ও আব্দুল্লাহ (৬)। দাড়াইল এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের মেয়ে তাবাসুম (৪) ও ফরমান আলীর ছেলে সিদ্দিক (৫)।
নিহত সুমাইয়া ও আব্দুল্লাহ টঙ্গীর বাকরাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত। অপরদিকে, তাবাসুম ও সিদ্দিক দাড়াইল এলাকার স্থানীয় বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (১২ অক্টোবর) সকালে বাকরাইলের পার্শ্ববর্তী গ্রাম দাড়াইল এলাকায় একটি খালে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায় দুই শিশু তাবাসুম ও সিদ্দিক। পরে স্বজনরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অপরদিকে, রোববার (১১ অক্টোবর) বিকালে তুরাগ নদসংলগ্ন খালে গোসল করতে নামে সুমাইয়া, আব্দুল্লাহ ও তাদের এক সহপাঠী। এ সময় স্রোতে তলিয়ে যায় দুই ভাই-বোন। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।