বুড়িগঙ্গা নদীর দূষণ ও দখল রোধে আদি বুড়িগঙ্গা চ্যানেলে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার শুরু হওয়া এ অভিযানের প্রথম দিনে ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় নদীর দুই তীরের ৫০টি অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে। এ সময় অপসারণ করা হয়েছে প্রায় ১০০ টন বর্জ্য।
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন আদি বুড়িগঙ্গা চ্যানেলের প্রায় এক কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্লাস্টিকসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি এক্সকেভেটর ও পাঁচটি ডাম্প ট্রাক ব্যবহার করে উচ্ছেদ ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালানো হয়। এ সময় বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দুই থানা ও নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার বলেন, প্রাথমিকভাবে ১০ দিন অভিযান চালিয়ে লালবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গার দুই তীরের প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের লক্ষ্য রয়েছে। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অপসারণের কাজ শেষ না হলে প্রয়োজনে অভিযানের সময় বাড়ানো হবে। অবৈধ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।