দেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৬ জন, চট্টগ্রামে ৩১০ জন, বরিশালে ১৪৩ জন, সিলেটে ১৩০ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৯৩ জন, রংপুরে ২৬ জন এবং রাজশাহীতে ২৩ জন রয়েছেন।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৯৬ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৮৬ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৯২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
