আবুল হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকার বেশি।
রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ৪ বিজিবি। এরই ধারাবাহিকতায় ফেনীর ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালানো হয়। এসব অভিযানে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করা হয়।
জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
