
মাটিরাঙ্গায় সরকারি রেশনের ১৬ বস্তা চাল ও গম জব্দ, দোকান মালিককে জরিমানা
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের সরকারি রেশনের ১৬ বস্তা চাল ও গম জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার ১৩ অক্টোবর রাত ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়ন এর ডাকবাংলা বাজারের ব্যবসায়ী হুমায়ুন স্টোরের স্বত্বাধিকারী নুর হাসান এর দোকানে সরকারি সিলযুক্ত খাদ্য সামগ্রী মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকানে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০কেজি ওজনের চাল ১০ বস্তা ও ৫০ কেজি ওজনের গম ৬ বস্তা সহ মোট ১৬ বস্তা জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
এ ঘটনায় দোকান মালিক নুর হাসান'কে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন-২০২৩ ০৬ ধারায় সরকারি সিলযুক্ত বস্তাসহ ১৬ বস্তা গম ও চাল জব্দ ও নুর হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং ও সরকারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
