Published : 20 Oct 2026, 01:37 PM
Updated : 20 Oct 2026, 01:37 PM
রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি বাসা থেকে মো. শাহাবাজ নামের এক পাকিস্তানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার এসআই জুবায়ের বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, সকালে ভবনের দারোয়ান বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে চাদর প্যাঁচানো অবস্থায় শাহাবাজকে (২৬) উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহাবাজ পেশায় ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে।
এসআই জুবায়ের বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
