দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারীরা। ক্যারিবীয়ানদের বিপক্ষে দারুণ খেলছে বিসিবি একাদশ। কালাম সিদ্দিকি অ্যালিনের সেঞ্চুরিতে তিনশ রানের কাছে পৌছে গেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ২ দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি একাদশ আর ওয়েস্ট ইন্ডিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮২ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রান তুলেছে বিসিবি একাদশ।
টস হেরে ব্যাটিংয়ে শুরতেই উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ফিরে যান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (৮ বলে ৪)। তবে সেই ধাক্কা বড় হতে দেননি আরেক ওপেনার জিসান আলম আর তিন নম্বরে নামা ইফতিখার হোসেন ইফতি। দুজন ৭৫ রানের জুটি গড়েন। ৬০ বল খেলে ৮০ রানে ইফতি ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর কালাম সিদ্দিকী অ্যালিনকে সঙ্গে নিয়ে আরেকটি জুটি গড়েন জিসান। তুলে নেন ব্যাক্তিগত হাফসেঞ্চুরি। সেঞ্চুরির অনেকটা কাছেও পৌছে গিয়েছিলেন তিনি। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার আগেই ফেরেন জিসান। ১০০ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি।
জিসান না পারলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন অ্যালিন। দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তরুণ এই ব্যাটার। শেষ পর্যন্ত ১৩৫ রানে থেমেছেন তিনি। অ্যালিনের ১৮৪ বলের ইনিংসটি সাজানো ছিল ২০ চার আর এক ছক্কায়।
অন্যদিকে, আরেকপ্রান্তে হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন মোহাম্মদ রিজওয়ান চৌধুরী। ৯১ বল থেখে ৩৮ রান করেছেন তিনি। তাকে সঙ্গ দিতে এসেছেন অভিজ্ঞ শামীম হোসেন পাটোয়ারী।
সংশ্লিষ্ট সংবাদ: বিসিবি
১৭ অক্টোবর ২০২৬
২১ সেপ্টেম্বর ২০২৬
১৭ সেপ্টেম্বর ২০২৬
