সম্ভাব্য সাইবার হামলা ও নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখার পর অবশেষে সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে সাইটটি পুনরায় চালু করা হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) জরুরি নিরাপত্তাঝুঁকির কারণে হঠাৎ করেই কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশ্বজুড়ে পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষার গুরুতর কিছু নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কতা জারির পর সম্ভাব্য সাইবার আক্রমণ ঠেকাতে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল কর্তৃপক্ষ।
সে সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করে তা পুরোপুরি নিরাপদ করতে কাজ করছে আইটি টিম। ত্রুটিগুলো পর্যালোচনা ও প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার পরই আজ সকালে সাইটটি পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হলো।
