আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম মনি বলেন, “হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভিতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।”
এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।
সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করেন তিনি।
The post আগামী বছর বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না দেশে: চিফ হুইপ appeared first on ভোরের চেতনা.
