শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় চিকিৎসকের কক্ষ অপরিচ্ছন্ন দেখতে পেয়ে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ ঘটনা দেখেন প্রধানমন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে তাকে ধূমপান করতে দেখেন তিনি। এ সময় কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ ঘটনায় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
