প্রথমবারের মতো মেয়ে আনায়ার ছবি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেসবুকে মেয়ের ছবি প্রকাশ করেন অপূর্ব। ছবিতে ছোট্ট আনায়ার মাথায় দেখা যায় একটি মুকুট। মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেতা লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’
মেয়ের সঙ্গে কাটানো গত এক বছরের স্মৃতিচারণ করে অপূর্ব জানান, সময় কীভাবে পেরিয়ে গেছে, তা তিনি বুঝতেই পারেননি। আনায়ার জন্মের পর তাঁদের জীবনে এসেছে নতুন আনন্দ ও ভালোবাসা।
মেয়েকে বড় হতে দেখা, নতুন নতুন বিষয় আবিষ্কার করতে শেখা এবং তার হাসিতে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য বলে উল্লেখ করেছেন এই অভিনেতা।
অপূর্ব লেখেন, ‘তোমাকে বড় হতে দেখা, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে দেখা, আর তোমার মিষ্টতা ও হাসিতে আমাদের ঘর ভরে উঠতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।’
মেয়ের মাথায় থাকা ছোট্ট মুকুটের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, জন্মের মুহূর্ত থেকেই আনায়া তাঁদের হৃদয়ের মুকুট পরে আছে।
পোস্টের শেষে মেয়েকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অপূর্ব তাঁর জীবন উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠার কামনা করেন।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান আনায়া। মেয়ের প্রথম জন্মদিনে তাঁর ছবি প্রকাশের মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে জীবনের বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেতা।
