রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে ডগ স্কোয়াড নিয়ে বিশেষ যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এ অভিযান শুরু হয়। এতে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও এসআরবির সদস্যরা অংশ নেন।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তারা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্প ছাড়াও মোহাম্মদপুরের লোহার গেট ও মোহাম্মদপুর থানা-সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবারি, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বিশেষ এ অভিযান চালানো হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
