প্রতিনিধি, মধ্যনগর, সুনামগঞ্জ · ১৯ অক্টোবর, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় উন্নয়ন প্রকল্পের কাজে নিম্নমানের ইট-বালি ব্যবহারের অভিযোগ পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। নিম্নমানের নির্মাণসামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকল্পের নির্ধারিত গুণগত মান বজায় রেখে নির্মাণকাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মধ্যনগর উপজেলার কয়েকটি চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে এসব নির্দেশ দেন সংসদ সদস্য।
পরিদর্শন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাইতকান্দা সেতু, মধ্যনগর থেকে টুকের বাজার পর্যন্ত সাবমার্সিবল সড়ক এবং উড়াল সড়ক প্রকল্পের ৭ নম্বর প্যাকেজ। উড়াল সড়ক প্রকল্পের এই প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৭৯ লাখ টাকা।
পরিদর্শনের একপর্যায়ে উড়াল সড়ক প্রকল্পের কাজে নিম্নমানের ইট-বালি দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন কামরুজ্জামান কামরুল। এ সময় তাঁর সঙ্গে থাকা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোহাম্মদ শাহ উদ্দিনকে নিম্নমানের নির্মাণসামগ্রী পরিবর্তন করে নির্ধারিত মানের ইট, বালি ও পাথর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংসদ সদস্য বলেন, ‘আমার নির্বাচনি এলাকার উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও ফাঁকিবাজি চলবে না। আজ কয়েকটি কাজের সাইট পরিদর্শন করেছি। যেখানে নিম্নমানের নির্মাণসামগ্রী পেয়েছি, সেগুলো পরিবর্তন করে ভালো মানের সামগ্রী ব্যবহার করে কাজ করার নির্দেশনা দিয়েছি।’
উন্নয়ন প্রকল্পের কাজে কোথাও অনিয়ম দেখা গেলে তাঁকে সরাসরি জানানোর আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন সংসদ সদস্য।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কামরুজ্জামান কামরুল।
উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও মো. আবুল বাশার, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গুগলে আমাদের খবর পেতে
