নেপালে আকস্মিক বন্যায় আটকে পড়া নয়জন বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার করে নিরাপদে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, নেপালের গোর্খা জেলার চুমনুব্রির জগত থেকে মানাসলু বেস ক্যাম্পে যাওয়ার পথে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার কারণে আটকা পড়েন ওই নয় বাংলাদেশি ট্রেকার। পরে সময়মতো তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দূতাবাস আরও জানায়, মঙ্গলবার বিকেলে ট্রেকারদের নিরাপদে কাঠমান্ডুতে নিয়ে আসা সম্ভব হয়েছে। এ উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য নেপাল সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস।
এ ছাড়া ট্রেকারদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দ্রুত সাড়া, মানবিক সহায়তা এবং সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছে দূতাবাস।
