মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ২ ভরি ১১ আনা ৯ রতি স্বর্ণালংকার, দুটি মুঠোফোন এবং চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর দিবাগত রাতে বড়লেখার দক্ষিণভাগ এলাকার সিএনজিচালক জসিম উদ্দিন ঘরে তালা দিয়ে গ্যাস নিতে বাইরে গেলে দুর্বৃত্তরা পেছনের জানালার সিটকিনি খুলে ঘরে ঢোকে। এ সময় ওয়ারড্রোবে রাখা তাঁর ভাবির স্বর্ণের গলার হার, কানের দুল ও দুটি মুঠোফোন চুরি করা হয়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ ঘটনায় ১৯ অক্টোবর বড়লেখা থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ২০ অক্টোবর দক্ষিণভাগ এলাকা থেকে জিল্লুর মিয়া (২৬), মনির হোসেন (৩৩) ও আব্দুল আহাদকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পারভেজ আহমদ (২৭) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া দুটি মুঠোফোন ও স্বর্ণ বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তী অভিযানে জুড়ী থানা এলাকা থেকে সুমন আহমদ (৩৮) এবং সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘিরপাড়ের রহমান ম্যানশনে অবস্থিত পুষ্পা জুয়েলার্সের ১৩ নম্বর দোকান থেকে সাইদুর রহমানকে (২৩) গ্রেপ্তার করা হয়। সাইদুর রহমানের হেফাজত থেকে চুরি যাওয়া দুটি কানের দুল ও একটি স্বর্ণের গলার হার উদ্ধার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ২১ অক্টোবর বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
বিআলো/শিলি