কুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, ১৩৩ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের হেফাজতে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানার পুলিশ সদস্য ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়। বিশেষ করে যেসব স্থানে কিশোরদের আড্ডা ও উৎপাতের অভিযোগ রয়েছে, সেখানে নজরদারি বাড়ানো হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। মাদক ব্যবসা, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এ কার্যক্রম চালানো হয়।
