আলমারিতে শাড়ি রাখার টিপসছবি: আইস্টক
Published on
:
2 min read
অষ্টমীর সকালে জামদানি পরে অঞ্জলি দিয়েছিলেন। নবমী নিশিতে ছিল সিল্ক। দশমীতে পরেছিলেন গরদ। এখন ঘরের একটা কোণ এই সব শাড়িতে ভর্তি। সারা বছর শাড়ি না পরলেও উৎসবের দিনগুলো এটাই ফ্যাশন। তবে পুজো শেষে এই পছন্দের শাড়িগুলো ঠিকমতো গুছিয়েও রাখতে হবে। নতুন শাড়ি, একবারই পরেছেন। কী ভাবে আলমারিতে রাখলে শাড়ি নষ্ট হবে না?
পরিষ্কার করা জরুরি
না কেচে-ধুয়ে শাড়ি আলমারিতে তুলবেন না। শাড়িতে ঘাম লেগে রয়েছে। আবার কোনও শাড়িতে পড়েছে তরকারির দাগ কিংবা সিঁদুর। আবার সপ্তমীতে বেরিয়ে বৃষ্টিতেও ভিজেছেন। সুতরাং, অপরিষ্কার বা ময়লা লেগে থাকা শাড়ি ভাঁজ করে আলমারিতে রাখবেন না। প্রথমে দাগ তুলে নিন, তারপরে শাড়ি কেচে, ইস্ত্রি করে আলমারিতে রাখুন। ড্রাই ওয়াশ করানোর হলে সেটাও করিয়ে নিন।
ঝুলিয়ে রাখবেন না
আলমারিতে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখেন শাড়ি? এই ভুল করবেন না। শাড়ি ঝুলিয়ে রাখলে তার জরির কাজ নষ্ট হয়ে যেতে পারে। তাই শাড়ি ভাঁজ করে রাখুন। প্রয়োজনে স্টোরেজ ব্যাগ ব্যবহার করুন। সেই ব্যাগ ফ্যাব্রিক অনুযায়ী শাড়ি রাখুন। অর্থাৎ, সুতির শাড়ি একটি ব্যাগে, সিল্কের শাড়ি আর একটিতে, আবার জামদানি অন্য ব্যাগে।
আর্দ্রতা থেকে বাঁচান
আলমারির কোণে অনেকেই ন্যাপথলিন দিয়ে রাখেন। এর বদলে নিমপাতাও দিতে পারেন। এতে আলমারি, বিশেষত শাড়িতে পোকা ধরবে না। পাশাপাশি শাড়ি যেন আর্দ্রতার সংস্পর্শে না আসে, সে দিকেও খেয়াল রাখতে হবে। তাই শাড়ির ব্যাগে বা আলমারিতে সিলিকা জেল দিয়ে রাখতে পারেন।
মাঝে মাঝে এই কাজ করুন
শাড়ির ভাঁজ মাঝে মাঝে বদলানো দরকার। না হলে শাড়ি অচিরেই ভাঁজে ভাঁজে ফেঁসে যেতে পারে। খাঁটি সিল্কের শাড়িতে এমনটা বেশি ঘটে। তাই মাঝেমধ্যে শাড়ি বের করে ভাঁজ বদলে নিন। তার পাশাপাশি শাড়ি রোদে দিন।
FAQ
১. আলমারিতে রাখার আগে শাড়ি পরিষ্কার করা জরুরি কেন?
উত্তর: ঘাম, খাবারের দাগ ও সিঁদুর লেগে থাকলে শাড়ির ক্ষতি হতে পারে। তাই আগে পরিষ্কার করুন।
২. শাড়ি কি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা উচিত?
উত্তর: না, বিশেষত জরির কাজ করা শাড়ি ভাঁজ করে রাখাই ভালো।
৩. জামদানি ও সিল্কের শাড়ি কী ভাবে রাখবেন?
উত্তর: আলাদা স্টোরেজ ব্যাগে ভাঁজ করে রাখুন।
৪. শাড়িতে পোকা ও আর্দ্রতা আটকাবেন কী ভাবে?
উত্তর: আলমারিতে নিমপাতা ও সিলিকা জেল রাখতে পারেন।
৫. শাড়ির ভাঁজ কত দিন অন্তর বদলানো উচিত?
উত্তর: নিয়মিত বিরতিতে শাড়ি বের করে ভাঁজ বদলান, যাতে ভাঁজে স্থায়ী ক্ষতি না হয়।
