স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় আইনি জটিলতা, জেল ও রিমান্ডের মুখোমুখি হওয়ার পর দীর্ঘ সাত মাস অভিনয়ের বাইরে ছিলেন অভিনেতা জাহের আলভী। এবার আবারো নাটকের শুটিংয়ে ফিরেছেন তিনি। ক্যামেরার সামনে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেতা।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে শুটিং সেটের একটি ছবি প্রকাশ করেন আলভী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘ক্যামেরা—স্বাগতম তোমার রাজ্যে!’
জানা গেছে, সামির রহমান রাব্বির পরিচালনায় ‘বাবার মর্যাদা’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন জাহের আলভী। শুটিং সেটে কলাকুশলীদের সঙ্গে কেক কেটে অভিনয়ে ফেরার আনন্দ উদ্যাপন করেন তিনি। নাটকটিতে আলভীর বাবার চরিত্রে অভিনয় করছেন শিবা শানু।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে নাটকের শুটিংয়ে নেপালে অবস্থানকালে স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার খবর পান জাহের আলভী। এ ঘটনায় ইকরার পরিবারের অভিযোগের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পাশাপাশি জেল ও রিমান্ডের মুখোমুখি হতে হয় তাঁকে।
গত ৩ আগস্ট আদালত থেকে জামিন পাওয়ার পর এবার অভিনয়ে ফিরলেন এই অভিনেতা। দীর্ঘ বিরতি শেষে তাঁর শুটিংয়ে ফেরার খবর ভক্তদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
এসি/আপ্র/১৪/১০/২০২৬
