কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ‘ইসলামি মাহাজ’ দলের প্রধান মো. রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প-৯ এর ব্লক-সি/৫ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে পরোয়ানাভুক্ত আসামি। ৮ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই ক্যাম্পের বাসিন্দা আইয়ুবের ছেলে। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রয়েছে। সে পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রফিককে গ্রেপ্তার করা হয়েছে।
