প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধিবিষয়ক সম্মেলনের (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় প্রতিবাদ জানিয়ে সম্মেলনকক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার আজারবাইজান থেকে পাওয়া তথ্যের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাকুতে চলমান সিআইসিএর সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট বক্তব্য শুরু করলে প্রতিবাদস্বরূপ হলরুম থেকে বের হয়ে যায় বাংলাদেশের প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশের সঙ্গে আরও কয়েকটি দেশের প্রতিনিধিদলও সম্মেলনকক্ষ ত্যাগ করে প্রতিবাদ জানায়।
এশিয়াজুড়ে আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে সিআইসিএ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সদস্যদেশগুলোর শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।
