বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেছেন, বাংলাদেশ আপনার, আমার, সবার। আমরা সবাই এ দেশের নাগরিক। সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করব।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
রাজীব আহসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনশৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সব সময় বিএনপি সরকারের আমলে নিরাপদ ছিলেন, আগামীতেও নিরাপদ থাকবেন। মন্দির পরিদর্শনকালে অর্থনৈতিকভাবে অসচ্ছল হিন্দু নারীদের মধ্যে তিনটি মন্দিরে মোট ৩৫০টি উন্নতমানের শাড়ি বিতরণ করেন প্রতিমন্ত্রী।
তিনি বিকেল থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নম্বর চাঁনপুর ইউনিয়নের কাশিপুর সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির, পৌরসভার পাতারহাট বন্দরের উত্তর বাজারের জগন্নাথ জিউর মন্দির এবং ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকার শ্রীশ্রী মদনমোহন মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌরসভা বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন ও সদস্যসচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন ও সদস্যসচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন ও সদস্যসচিব আমিনুল ইসলাম রবিন এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জুবায়ের মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক বাবু সুভাষ দাস, মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন কমিটির আহ্বায়ক দীপঙ্কর মৃধাসহ বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আরিফ হোসেন/ এনটি
