শেরপুরে ৯৪ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, চার স্তরের নিরাপত্তা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বগুড়ার শেরপুরে ৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উৎসব নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার ঐতিহ্যবাহী আম্বইল বাগানপাড়াসহ বিভিন্ন মণ্ডপে প্রতিমা সাজানো, প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ চলছে। প্রতিমাশিল্পী, ডেকোরেটর শ্রমিক ও মন্দির কমিটির সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
পূজার আয়োজন নিয়ে পরিবারগুলোতেও চলছে প্রস্তুতি। ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ধোয়ামোছা এবং নারু-মোয়া তৈরিসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন নারীরা। উৎসবের দিনগুলোতে আত্মীয়স্বজনের আগমন ঘিরেও রয়েছে নানা আয়োজন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম বলেন, উপজেলার ৯৪টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও মণ্ডপ কমিটিগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, বর্তমান সরকার প্রতিটি পূজামণ্ডপের জন্য চালের বরাদ্দ বাড়িয়ে ৬০০ কেজি করেছে।
ভবানীপুর ইউনিয়নের একটি দুর্গামন্দিরের সভাপতি উত্তম সিং বলেন, শেরপুরের মানুষ শান্তিপ্রিয়। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশা করছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিটি মন্দিরের প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। সার্বিক নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজার সময়সূচি
১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী, ১৮ অক্টোবর রবিবার মহাষ্টমী, ১৯ অক্টোবর সোমবার মহানবমী এবং ২০ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
