জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুক্তমঞ্চে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে বিতর্কের পর ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ধরনের পশু জবাই করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মুক্তমঞ্চে গরুর মাংস রান্না করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আপত্তি জানান। তাঁদের অভিযোগ, পাশের অস্থায়ী পূজামণ্ডপের সামনে গরুর মাংস রান্না করা হয় এবং চুলা তৈরিতে মন্দিরের ইট ব্যবহার করা হয়।
তবে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের দাবি, তাঁদের পরিকল্পনা ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে রান্না করার। সেখানে গ্যাসের সংকট থাকায় তাঁরা মুক্তমঞ্চে রান্না শুরু করেন। এ সময় কাছাকাছি পড়ে থাকা কিছু ইট ব্যবহার করেন তাঁরা। পরে এক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ইটগুলো মন্দিরের বলে জানালে তাঁরা সেগুলোর ব্যবহার বন্ধ করেন এবং রান্নার স্থান পরিবর্তন করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন ধরে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে বিতর্ক ও বাগ্বিতণ্ডা চলছে। এর মধ্যেই ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
The post গরুর মাংস রান্না নিয়ে বিতর্কের জেরে জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা appeared first on বাংলাধারা.
