জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শনিবার (১৭ অক্টোবর) ফের গরুভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা। পাশাপাশি থাকছে কাওয়ালী সন্ধ্যার আয়োজন। ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে খাসি ছাগলের ব্যবস্থা।
শনিবার সকালে কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের সামনে গরু জবাই এবং বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় মসজিদের সামনে গরুর মাংসের তেহারি বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকেরা জানান, কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৪০ টাকা করে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৮০ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে। পাশাপাশি খাসি কেনার প্রক্রিয়াও চলছে। ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসির কাচ্চির ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজকেরা।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জবি শাখার সদস্যসচিব ওবায়দুল ইসলাম বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এ আয়োজন। প্রশাসনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনার প্রতিবাদে শনিবার গরু জবাই ও ভোজের আয়োজন করা হচ্ছে। কর্মসূচিতে সব শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সন্ধ্যায় কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, শুক্রবারের আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শনিবারও আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে, তবে শর্ত দেওয়া হয়েছে, আগের দিনের নির্ধারিত স্থানেই কর্মসূচি করতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে গরু ও খাসির ভোজের আয়োজন করা হয়।
এনটি
