Published : 22 Oct 2026, 07:13 PM
Updated : 22 Oct 2026, 07:13 PM
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, বুধবার ভোরে সাঈদ হোসেন ওরফে নান্নুকে (৪২) গ্রেপ্তার করা হয়। পরে বিকালে শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে মামলা করেন।
মামলার বরাতে পুলিশ জানায়, ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাস চলছিলো। এ সময় মাদ্রাসা শিক্ষক সাঈদ কৌশলে নয় বছরের শিশুটিকে অফিস কক্ষে ডেকে নেয়। পরে দরজার ছিটকানি লাগিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।
শিশুটি চিৎকার করলে আশপাশ থেকে কয়েকজন শিক্ষার্থী ও নারী ঘটনাস্থলে ছুটে যান। তখন শিক্ষক নান্নু নগ্ন অবস্থায় দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অর্থের মাধ্যমে ঘটনার মীমাংসার চেষ্টা করেন। কিন্তু এতে শিশুটির মা রাজি হননি। পরে তিনি মামলা করেন।
