নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সোয়া তিনটায় নগরের পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
উদ্বোধনী খেলায় এসএমপির চারটি দল অংশ নেয়। দলগুলো হলো সদর বিভাগ, ট্রাফিক-সিটিএসবি-ডিবি ও প্রসিকিউশনের সমন্বয়ে গঠিত যৌথ দল, ক্রাইম বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং পিওএম বিভাগ।
উদ্বোধনী খেলায় সদর বিভাগের খেলোয়াড় হিসেবে অংশ নেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপপুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল রোববার (২৫ অক্টোবর) বিকেলে এসএমপি পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে ক্রাইম বিভাগ (উত্তর ও দক্ষিণ) দল এবং ট্রাফিক, সিটিএসবি, প্রসিকিউশন ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল।
গুগলে আমাদের খবর পেতে
