দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ফলে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান। এতে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা কমছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে সরকার চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচি পরিবর্তন করেছে। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।
নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট, মার্কেট ও শপিং মল খোলা রাখা যাবে।
চলতি বছর জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
কোরবানির ঈদ উপলক্ষে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে সময়সীমা রাত ৯টা করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে তা কমিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়।
