নেত্রকোণা সদর উপজেলার সাকুয়া-সনুরা সড়কে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ মো. আব্দুল খালেক (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজেন্দ্রপুর পিডিবি পাওয়ার গ্রিডের পশ্চিম পাশে সাকুয়া থেকে সনুরা বাজারগামী সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি।
গ্রেপ্তার আব্দুল খালেক নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের গ্রামপাড়া বড়দুয়ার গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. ফারুক হোসেন এবং মাতার নাম মোছা. খাদিজা খাতুন।
অভিযান শেষে ডিএনসির পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আব্দুল খালেকের বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ডিএনসি জানিয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
