নিরাপত্তার কারণে ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের দিল্লির কনসার্টের অনুমতি দেওয়া হয়নি—এমন খবর ছড়িয়ে পড়ায় অনুষ্ঠানটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে গত বৃহস্পতিবার টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থা ‘বুকমাইশো’ জানায়, কনসার্ট বাতিল হয়নি। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নির্ধারিত দিনেই ‘অরা ইন্ডিয়া টুর’-এর অংশ হিসেবে সংগীত পরিবেশন করবেন এই পাঞ্জাবি গায়ক।
তবে অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড় প্রস্তুতি নিচ্ছে পুলিশ ও আয়োজকেরা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কনসার্টে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে পুলিশ। স্টেডিয়ামে প্রবেশ ও বের হওয়ার জন্য আরও বেশি পথ খোলা রাখার কথাও বলা হয়েছে।
প্রাথমিক পরিকল্পনায় কনসার্টে ৪০০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েনের কথা ছিল। তবে পরিস্থিতি পর্যালোচনা করে এখন দেড় থেকে দুই হাজার নিরাপত্তাকর্মীর প্রয়োজন হতে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। ভিড় সামলাতে পুলিশ ও আয়োজকেরা একসঙ্গে কাজ করবেন।
যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। স্টেডিয়ামের চারপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। নির্দিষ্ট কয়েকটি এলাকায় শুধু শিল্পীদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রায় ৫৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে দর্শকদের আরও কাছে পৌঁছাতে দিলজিতের পারফরম্যান্সের র্যাম্প বড় করার পরিকল্পনা করছেন আয়োজকেরা। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। নিরাপত্তার দিকটি পর্যালোচনা এবং প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কনসার্ট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিলজিৎও বলেছেন, ‘৩০ তারিখ দিল্লিতে দেখা হবে।’
ডিএ
