নীতেশ তিওয়ারী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের উত্তেজনা ক্রমশ বাড়ছে। ছবিটি মুক্তির আগেই এবার সামনে এসেছে এক বড় খবর। বিভিন্ন প্রতিবেদন ও সূত্রের দাবি, আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছতে ছবির প্রথম পর্ব প্রায় ৪০টি ভাষায় ডাবিং করা হয়েছে। পরিকল্পনা সফল হলে ভারতীয় সিনেমার ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ হয়ে উঠতে পারে।
ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। পৌরাণিক কাহিনির আধুনিক চলচ্চিত্রায়ণ ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ছবির প্রযোজক নমিত মালহোত্রা এবং তাঁর দল ‘রামায়ণ’কে আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন। বিশ্বের বিভিন্ন দেশের দর্শক যাতে নিজেদের ভাষায় ছবিটি উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এতগুলি ভাষায় ডাবিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর ফলে দর্শকদের শুধু সাবটাইটেলের উপর নির্ভর করতে হবে না। তাঁরা নিজেদের পরিচিত ভাষায় ছবির সংলাপ, আবেগ এবং কাহিনির সঙ্গে আরও সহজে সংযোগ স্থাপন করতে পারবেন।
তবে কোন কোন ভাষায় ছবিটি ডাবিং করা হয়েছে, তার সম্পূর্ণ তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর।
পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্বটি ২০২৬ সালের ৫ নভেম্বর দীপাবলির সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। এমনকি মুক্তির আগের দিন, ৪ নভেম্বর থেকে পেড প্রিভিউ দেখানোর সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
এখন দেখার, বিশাল বাজেট, তারকাখচিত অভিনয় এবং আন্তর্জাতিক মুক্তির পরিকল্পনা নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে কতটা সাফল্য পায়।
